ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার (২২ আগস্ট) ডুবে যাওয়া এমভি ওশেন উইনার নামের জাহাজটিতে এক বাংলাদেশিসহ মোট ২৪ জন নাবিক ছিলেন।
ভারতীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জাহাজের ২৪ নাবিকের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।
বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল। এতে ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। ওড়িশা থেকে এসব পণ্য জাহাজটিতে তোলা হয়েছিল।
স্থানীয় সময় ২০ আগস্ট রাত ১০টা ৪২ মিনিটে ওড়িশার পারাদ্বীপ বন্দর ছেড়ে যায় এমভি ওশেন উইনার। এর দুই দিন পর ২২ আগস্ট স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার।
জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টোরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড বিষয়টি জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করে।
খবর পাওয়ার পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। বঙ্গোপসাগরের ওই এলাকায় অবস্থানরত অন্যান্য জাহাজকেও ঘটনাটি জানানো হয় এবং উদ্ধারকাজে সহায়তার জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ভারতের এক জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা পিটিআইকে বলেন, কতজন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে, সে বিষয়ে তারা এখনো নিশ্চিত নন।
উদ্ধার অভিযানে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ বরদ ও আনমোলকে পাঠানো হয়েছে। এ ছাড়া বিজিত নামের আরেকটি জাহাজও অভিযানে অংশ নিতে শ্রী বিজয়া পুরম থেকে রওনা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কোস্টগার্ড একটি লাইফ র্যাফ্ট থেকে এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করেছে। তবে এমভি ওশেন উইনার কী কারণে ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নিখোঁজ নাবিকদের সন্ধানে বঙ্গোপসাগরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল
কানাডাকে ‘ক্ষতিগ্রস্ত ও বিভক্ত’ করতেই নতুন মার্কিন শুল্ক: কার্নি
রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন আজ