কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১২:৫০ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শহরটির ব্যস্ততম এলাকা নিউ মার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ও ঘন কালো ধোঁয়ায় পুরো ভবন ছেয়ে গেলে ভেতরে আটকে পড়েন একাধিক অতিথি।

ভারতের বার্তা সংস্থা এএনআই জানায়, আগুনে প্রাণ হারানো ৯ জন বাংলাদেশি নাগরিক চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় অবস্থান করছিলেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, এসি বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে, তবে বিস্তারিত তদন্ত চলছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এবং দুর্যোগ ব্যবস্থাপনা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কলকাতা পুলিশের এক কর্মকর্তা জানান, সিঁড়িতে ঘন ধোঁয়া থাকায় ওপরের তলায় পৌঁছাতে বেগ পেতে হয়।

উল্লেখ্য, এর মাত্র দুদিন আগে গত ১৭ আগস্ট পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠের 'হোটেল বিদেশিনী'-তে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডে মেঘালয়ের একই পরিবারের ৫ সদস্যসহ মোট ৮ জন নিহত হয়েছিলেন।

সূত্র: এনডিটিভি

YA
আরও পড়ুন