হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবেন না যারা

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৪:২২ পিএম

২০২৭ সালের হজের জন্য প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে আগামী ২৭ জুলাই। যা চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যেই হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (২৬ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি বা বেসরকারি—যেকোনো মাধ্যমে সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে এর আগে আবশ্যিকভাবে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধিত ব্যক্তিদের চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সরকারি মাধ্যমে ই-হজ সিস্টেমে নিজে নিবন্ধনের পাশাপাশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধন করা যাবে। সরকারি মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে অর্থ জমা দিতে হবে। আর বেসরকারি মাধ্যমে সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিয়ে নিবন্ধন করতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। এছাড়া হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগ, স্নায়ুবিক বা মানসিক ব্যাধি, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি, কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যান্সার রোগী এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সংক্রামক রোগ যেমন যক্ষ্মা ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিরাও হজ পালনের অনুমতি পাবেন না।

এছাড়া গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীরা হজের জন্য প্রয়োজনীয় ফিটনেস সনদ পাবেন না বলেও জানানো হয়েছে।

প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরণ এবং হজ প্যাকেজ নির্বাচন করতে হবে। পাশাপাশি ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে—এমন পাসপোর্ট থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত