গ্যাস পাইপলাইনের মেরামত ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য ঢাকা ও মানিকগঞ্জের কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাস পাবেন না।
রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাঁটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া নির্ধারিত এলাকাগুলোতে সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা