এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১১:২০ এএম

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

প্রকাশিত ফল অনুযায়ী, ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৩৫৬ জন কমেছে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ।

ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখার পদ্ধতি

শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

এসএমএস পদ্ধতি

এ ছাড়া এসএসসির ফল জানা যাবে এসএমএসের মাধ্যমে। মোবাইলে এসএমএসের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফল দেখার পদ্ধতিতে ১৬২২২ (16222) নম্বরের পাশাপাশি নতুন আরেকটি নম্বর ১৬১৪০ (16140) যুক্ত করা হয়েছে। মোবাইল নম্বর থেকে 16140 অথবা 16222 নম্বরে এসএমএস (SMS) পাঠিয়ে ফলাফল সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা।

সে ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। (SSC Dha 123456 2026 Send to 16140)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।

মাদ্রাসার ফল যেভাবে

মাদ্রাসা শিক্ষার্থীদের আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। প্রিরেজিস্ট্রেশনের পদ্ধতি হলো Dakhil<Board Name [First 3 Latter]<Roll<Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য: Dakhil MAD 123456 2026 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।

কারিগরির ফল যেভাবে

এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC Board name (first 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC TEC 123456 2026 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।

প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট দেখার পদ্ধতি

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

AM/YA
আরও পড়ুন