চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসাথে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের চর চাকলায় ‘মরা নদী’তে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।
নিহত শিশুরা হলো, দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজাম উদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।
স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ বলেন, ‘শুক্রবার হওয়ায় গ্রামের সবাই জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। এ সময় শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নেমেছিল, তা কেউ বুঝতে পারেনি। পরে তারা পানিতে ডুবে যায়।’
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চর চাকলা গ্রামের পাশের নদীটি স্থানীয়ভাবে মরা নদী নামে পরিচিত। এটি পদ্মার একটি শাখা নদী। বর্ষা ও বৃষ্টির সময় পদ্মার পানি ঢুকে নদীটি প্লাবিত হয়। বছরের অন্য সময় এখানে তেমন পানি থাকে না। তখন নদীর তলদেশে ও আশপাশের জমিতে ফসল চাষ করা হয়।
সম্প্রতি বৃষ্টি ও পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে মরা নদীটি পানিতে ভরে যায়। শুক্রবার দুপুরে পাঁচ শিশু ওই পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।
স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ মসজিদে ছিলেন। এ কারণে শিশুরা কখন নদীতে গোসল করতে নেমেছিল, তা পরিবারের সদস্যরা প্রথমে জানতে পারেননি। পরে তাদের খোঁজ করতে গিয়ে নদীতে ডুবে যাওয়ার বিষয়টি জানতে পারেন।
খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন। পাঁচ শিশুর মৃত্যুর ঘটনায় চর চাকলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
পুলিশ কর্মকর্তা ওয়াসিম ফিরোজ বলেন, বেলা পৌনে একটার দিকে মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
গোবিন্দগঞ্জে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৪ বছর পর নির্বাচন, সাত পদে ৪৯ প্রার্থী
রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০