রূপপুরে দুই রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৮:১১ পিএম

পাবনার ঈশ্বরদীতে দুই রুশ নাগরিকের মধ্যে মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত আরেকজন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা গ্রিনসিটির ৬ নম্বর ভবনে এ ঘটনা ঘটে। নিহত সের্গেই নিকোলায়েভিচ (৫৬) গ্রিনসিটির ৬ নম্বর ভবনের ৫০১ নম্বর কক্ষে থাকতেন। 

এদিকে আহত মেনচেভ (৫৩) বর্তমানে পাবনার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। তারা দুজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেমের কর্মী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে দুই রুশ নাগরিক একসঙ্গে মদ্যপান করছিলেন। একপর্যায়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে দুজনই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।

পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দুজনকে পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়।

গ্রিনসিটি হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সাইফুল ইসলাম বলেন, দুই বিদেশিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আমাদের হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় তাদের দ্রুত অন্য হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সের্গেই নিকোলায়েভিচ মারা যান। আহত অপর ব্যক্তি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরে রাশিয়ান দূতাবাসের মাধ্যমে স্বজনদের কাছে মরদেহ পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

MCH/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত