সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেই গ্রেপ্তার: বিজিবি

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম

কোনো বিতর্কিত ব্যক্তি, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনী।

সোমবার (২৩ নভেম্বর) ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি জানান, ময়মনসিংহ সেক্টরের অধীন ২৪২ কিলোমিটার সীমান্তে তিনটি ব্যাটালিয়ন দিন-রাত কাজ করছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকা চিহ্নিত করে সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

সীমান্ত আধুনিকায়নের অংশ হিসেবে প্রতিটি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ৩০টির অধিক সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস, ড্রোন ও থার্মাল ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে। পাশাপাশি আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় টহলের জন্য বিশেষ যান ও এটিভি ব্যবহার করা হচ্ছে।

বিওপিগুলোতে জনবল বাড়ানোর পাশাপাশি টহলও জোরদার করা হয়েছে। প্রতিটি বিওপি থেকে দিনে ও রাতে নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। সীমান্তের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিএফআই, পুলিশ ও এনএসআইয়ের সঙ্গে সমন্বয় বাড়িয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি জানায়, সমন্বিত প্রচেষ্টায় সাম্প্রতিক সময়ে সীমান্তে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। ১১টি ঘটনায় ১৪১ জনের পুশ-ইন প্রতিহত করা হয়েছে। আটক করা হয়েছে চার মানব পাচারকারী। পাচারের হাত থেকে উদ্ধার করা হয়েছে ১৩ বাংলাদেশিকে। এছাড়া আরও ৫৮ মানব পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযানে ৭০ মাদক কারবারিকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।

কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে বিজিবি। সীমান্তে যেকোনো অবৈধ তৎপরতা ঠেকাতে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে সীমান্তবাসী ও গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত