কচুরিপানা থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১০:০১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুই দিন পর পুকুরের কচুরিপানার নিচ থেকে নায়েব আলী নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নায়েব আলী ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে এবং গোপীনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বুধবার রাত থেকে নায়েব আলী নিখোঁজ ছিলেন। শুক্রবার বিকেলে গ্রামের একটি কলাবাগানের পাশে ফিশারির পুকুরে কচুরিপানার নিচে তার মরদেহ দেখতে পান স্বজনরা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যদের দাবি, কিছুদিন আগে স্থানীয় মাদক কারবারিদের ঘরবাড়ি ভাঙার সময় নায়েব আলী নেতৃত্ব দিয়েছিলেন। তাদের ধারণা, মাদক কারবারি বা রাজনৈতিক প্রতিপক্ষের রোষানলের শিকার হয়ে থাকতে পারেন তিনি। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে গভীর আঘাতের চিহ্ন ও কালো কালো দাগ দেখা গেছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

MCH
আরও পড়ুন