অশ্লীল ছবি না দেওয়ায় বিয়ে ভাঙল, তরুণীর আত্মহত্যা

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৭:৪৪ এএম

অশ্লীল ছবি না পাঠানোকে কেন্দ্র করে বিচ্ছেদ ও এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জের ভৈরবে ইতালি প্রবাসী হবু বরের অনৈতিক দাবি না মানায় বিয়ে ভেঙে গেলে বিষপানে এক তরুণী প্রাণ হারান।

গত বুধবার (২৬ আগস্ট) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম মীম বেগম (২০), যিনি ওই এলাকার জীবন মিয়ার মেয়ে।

অভিযুক্ত ইতালি প্রবাসী পাভেল মিয়া (২২) একই ইউনিয়নের শিরার বাড়ির দুলাল মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে তাদের বিয়ের পারিবারিক সম্মতি হয় ও মীমাকে আংটি পরানো হয়।

আংটি পরানোর পর থেকে ইতালি প্রবাসী পাভেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো মীমের। যোগাযোগের একপর্যায়ে পাভেল তার কাছে ব্যক্তিগত আপত্তিকর ছবি দাবি করেন।

হবু প্রার্থীর সেই অনৈতিক দাবি প্রত্যাখ্যান করায় দুজনের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। পরবর্তীতে পাভেল উপহারের আংটি ও টাকা ফেরত পাঠিয়ে একতরফাভাবে বিয়ে বাতিল করেন।

বিয়ে ভেঙে যাওয়ার মানসিক কষ্টে গত মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ইঁদুরের বিষ খান মীম। পরে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: ভৈরব থানা পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য।

এইচএন
আরও পড়ুন