হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম উচ্চমূল্যের মাদক ‘কুশ’ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় দুটি ভারতীয় পাসপোর্টের ফটোকপিসহ দুটি ট্রলি ফেলে পালিয়ে যান দুই ভারতীয় নাগরিক।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রিন চ্যানেল এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।
ডিএনসি সূত্রে জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি বিশেষ দল সহকারী পরিচালক মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজালাল বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়।
এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের (ফ্লাইট নম্বর TG321) একটি ফ্লাইটে করে দুই ভারতীয় নাগরিক আকাশ দুবে (২৮) ও আকাশ পান্ডে (৩৪) বিমানবন্দরে আসেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা দুটি ট্রলি ও ভারতীয় পাসপোর্টের ফটোকপি ফেলে কৌশলে পালিয়ে যান।
পরে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে এবং সাক্ষীদের সামনে ট্রলি দুটি তল্লাশি করা হয়। এ সময় সেখান থেকে মোট ৪ কেজি ১৮০ গ্রাম ‘কুশ’ উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, পলাতক দুই ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) বিমানবন্দর সার্কেলের উপপরিদর্শক রোকেয়া আক্তার বাদী হয়ে মামলাটি করেন।
পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চলছে।
অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ