ঈদুল আজহা কবে, সম্ভাব্য তারিখ জানালো পাকিস্তান

আপডেট : ০৩ মে ২০২৬, ০৯:৩৯ এএম

পাকিস্তানে চলতি বছরের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন বিশেষজ্ঞ জ্যোতির্বিদরা। বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তারা জানিয়েছেন, আগামী ২৭ মে পাকিস্তানে কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

জ্যোতির্বিদদের মতে, আগামী ১৬ ও ১৭ মে মধ্যবর্তী রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ফলে ১৭ মে (২৯ জিলকদ) সন্ধ্যায় নতুন চাঁদের বয়স হবে ১৮ ঘণ্টার বেশি। এই বয়সে দেশটির প্রায় সব প্রান্ত থেকে খালি চোখে চাঁদ দেখার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। যদি ওইদিন সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তবে ২৭ মে ঈদুল আজহা পালিত হবে। তবে ১৭ মে চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে এবং ঈদ হবে ২৮ মে।

উল্লেখ্য, ঈদের তারিখ নির্ধারণে পাকিস্তানের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি ‘রুয়েত-ই-হিলাল’ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর আগে রুয়েত-ই-হিলালের গবেষণা কাউন্সিলের সেক্রেটারি জেনারেল খালিদ আইজাজ মুফতিও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে ২৭ মে ঈদ হওয়ার জোরালো সম্ভাবনার কথা জানিয়েছিলেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতেও আগামী ২৭ মে ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্য ও পাকিস্তানে ২৭ মে ঈদ হলে বাংলাদেশে সাধারণত তার একদিন পর অর্থাৎ ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।

YA
আরও পড়ুন